হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) কোমের পবিত্র নগরীর কুদস নামাজের মুসাল্লায় জুমার খুতবে এসব কথা বলেন আয়াতুল্লাহ সাঈদি।
তিনি বলেন, আধিপত্যবাদী শক্তিগুলোর শয়তানি চিন্তাকেন্দ্র এবং এসব হুমকির নেপথ্যে থাকা কুচক্রী নেতাদের স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আঘাত করে পালিয়ে যাওয়ার দিন শেষ। ইরানের নেতৃত্ব ও বেলায়াতের অবস্থানের প্রতি শত্রুর সামান্যতম বাঁকা দৃষ্টির জবাবও সাধারণ কোনো প্রতিক্রিয়া হবে না; বরং তা হবে ভূমিকম্পের মতো ভিত্তি কাঁপিয়ে দেওয়া এবং শত্রুকে প্রতিরোধে বাধ্য করার মতো কঠোর জবাব।
শত্রুর হুমকির জবাব দিয়েছে ইসলামী উম্মাহ
কোমের জুমার নামাজের খতিব বলেন, এ সময় আবারও আধিপত্যবাদীদের শিবির থেকে বিদ্বেষপূর্ণ হুমকি ও আস্ফালন শোনা যাচ্ছে। কৌশলগত ও ভৌগোলিকভাবে হরমুজ প্রণালিতে সংকটের মুখে পড়া শত্রুরা নির্লজ্জভাবে ইরানের বিপ্লবের প্রতীক ও নেতৃত্বের মূল স্তম্ভ, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনেয়িকে হত্যার হুমকি দিচ্ছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পরাজয় এবং ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর বাতিল শক্তিগুলো এখন হুমকির পথ বেছে নিয়েছে। কিন্তু ইসলামী উম্মাহর উত্তাল জনসমুদ্র এসব অসার বক্তব্যের জবাব দিয়েছে।
এ প্রসঙ্গে তিনি জামালের যুদ্ধে ইমাম আলী (আ.)-এর বীরত্ব ও অবিচল থাকার শিক্ষা তুলে ধরে বলেন, ওই যুদ্ধে ইমাম আলী (আ.) তাঁর পুত্র মুহাম্মদ হানাফিয়্যাকে পতাকা তুলে দিয়ে বলেছিলেন,
تَزُولُ الْجِبَالُ وَ لَا تَزُلْ، عَضَّ عَلَی نَاجِذِکَ، أَعِرِ اللَّهَ جُمْجُمَتَکَ، تِدْ فِی الْأَرْضِ قَدَمَکَ، ارْمِ بِبَصَرِکَ أَقْصَی الْقَوْمِ وَ غُضَّ بَصَرَکَ، وَ اعْلَمْ أَنَّ النَّصْرَ مِنْ عِنْدِ اللَّهِ سُبْحَانَهُ.
‘পাহাড় স্থানচ্যুত হলেও তুমি অবিচল থাকবে। দাঁত শক্ত করে চেপে ধরবে, নিজের মাথাকে আল্লাহর পথে উৎসর্গ করবে, পা মাটিতে শক্তভাবে গেঁথে রাখবে, শত্রুসেনার শেষ সারির দিকে দৃষ্টি রাখবে এবং তাদের সংখ্যাধিক্য দেখে বিচলিত হবে না। জেনে রেখো, বিজয় মহান আল্লাহর পক্ষ থেকেই আসে।’
আয়াতুল্লাহ সাঈদি আরও বলেন, ইমাম আলী (আ.) জামালের যুদ্ধে অভ্যন্তরীণ শত্রুদের সম্পর্কে বলেছিলেন,
وَقَدْ أَرْعَدُوا وَأَبْرَقُوا وَمَعَ هَذَيْنِ الْأَمْرَيْنِ الْفَشَلُ.
‘তারা বজ্রপাত ও বিদ্যুতের মতো হুমকি ও আস্ফালন করেছে; কিন্তু এসবের পরিণতি হলো ব্যর্থতা ও পরাজয়।’
শত্রু অসহায় হয়ে পড়েছে
আয়াতুল্লাহ সাঈদি বলেন, শত্রুরা অসহায় হয়ে মনে করছে, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ইসলামী উম্মাহর উত্তাল জনসমুদ্রকে অস্থির করে তুলতে পারবে। অথচ পবিত্র কোরআনের সুরা আনফালের ৬০ নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন,
وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ وَمِنْ رِبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ.
‘তোমরা তাদের মোকাবিলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখো, যার মাধ্যমে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদের ভীতসন্ত্রস্ত করতে পারবে।’
তিনি বলেন, এ আয়াতে আল্লাহ শত্রুর আঘাতের পর প্রতিশোধ নেওয়ার কথা বলেননি; বরং এমন শক্তি ও সামর্থ্য গড়ে তোলার নির্দেশ দিয়েছেন, যাতে শত্রুর অন্তরে ভীতি সঞ্চার হয়।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেয়ি যখনই প্রয়োজন মনে করবেন, তখনই এ নির্দেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সামর্থ্য ও প্রস্তুতি গড়ে তোলা হবে।
শত্রুর জন্য সাধারণ কোনো জবাব অপেক্ষা করছে না
আয়াতুল্লাহ সাঈদি বলেন, শত্রুদের জানিয়ে দিতে চাই, আঘাত করে পালিয়ে যাওয়ার দিন শেষ। একটি ভুল করে সাময়িক প্রতিশোধের মাধ্যমে পার পেয়ে যাওয়ার সময়ও শেষ হয়ে গেছে। ইরানের নেতৃত্বের প্রতি সামান্যতম অবমাননাকর পদক্ষেপের জবাবও হবে নজিরবিহীন ও প্রতিরোধমূলক।
তিনি বলেন, শত্রুরা যেভাবে যুদ্ধের ময়দান সাজাতে চায়, আমরা সেভাবে সাজাব না। আমাদের শক্তির আঘাত এমন জায়গা থেকে আসবে, যা তাদের কৌশলবিদ ও জেনারেলদের হিসাব-নিকাশেও থাকবে না।
এ প্রসঙ্গে তিনি পবিত্র কোরআনের সুরা হাশরের একটি আয়াত উদ্ধৃত করে বলেন,
فَأَتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ يُخْرِبُونَ بُيُوتَهُمْ بِأَيْدِيهِمْ وَأَيْدِي الْمُؤْمِنِينَ فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ.
‘অতঃপর আল্লাহ তাদের এমন দিক থেকে পাকড়াও করলেন, যেদিক থেকে তারা কল্পনাও করেনি। তিনি তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন। ফলে তারা নিজেদের হাতেই এবং মুমিনদের হাতেও নিজেদের ঘরবাড়ি ধ্বংস করতে লাগল। অতএব, হে দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা! তোমরা শিক্ষা গ্রহণ করো।’
শত্রু ও বিদ্বেষীদের ওপর কঠোর আঘাত হানা হবে
কোমের জুমার নামাজের খতিব বলেন, শত্রু ও বিদ্বেষীদের জেনে রাখা উচিত, এই উম্মাহর পাল্টা আঘাত এমন জায়গা থেকে আসবে, যা তারা কখনো কল্পনাও করেনি। আমাদের শক্তিশালী আঘাতে তাদের মধ্যে এমন আতঙ্ক ও কম্পন সৃষ্টি হবে, যা তাদের ক্ষমতার ভিত্তি নড়িয়ে দেবে। আমাদের জনগণ ও সশস্ত্র বাহিনী এমন কঠোর আঘাত হানবে যে, শত্রুরা একের পর এক অবস্থান ছেড়ে পালাতে বাধ্য হবে।
শত্রুদের প্রতি কঠোর হুঁশিয়ারি
তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রুদের স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, উম্মাহর নেতৃত্ব ও মর্যাদার প্রতীকের ওপর আঘাত হানা শুধু আমাদের জন্য একটি রেড লাইন নয়; বরং তা হবে তোমাদের ধ্বংসের অতল গহ্বর। যে হাত ঔদ্ধত্যের সঙ্গে দেশের নেতৃত্বের দিকে প্রসারিত হবে, শুধু সেই হাতই বিচ্ছিন্ন করা হবে না; বরং আগ্রাসীদের সামরিক সদর দপ্তর ও শক্তির মূল ভিত্তিও উপড়ে ফেলা হবে।
ইমাম হোসাইন (আ.)-এর আশুরার মহান শিক্ষা তুলে ধরে তিনি বলেন, আমরা তাঁর কাছ থেকে শিখেছি:
أَلَا وَإِنَّ الدَّعِيَّ ابْنَ الدَّعِيِّ قَدْ رَكَزَ بَيْنَ اثْنَتَيْنِ بَيْنَ السَّلَّةِ وَالذِّلَّةِ وَهَيْهَاتَ مِنَّا الذِّلَّةُ.
‘সাবধান! অবৈধভাবে জন্ম নেওয়া ব্যক্তির সন্তান আমাদের দুটি পথের একটিতে বাধ্য করতে চায়—তলোয়ারের আঘাত কিংবা অপমানজনক আত্মসমর্পণ। কিন্তু অপমান আমাদের থেকে বহু দূরে।’
আমরাও বর্তমান সময়ের ইয়াজিদসদৃশ আধিপত্যবাদী শক্তি—অপরাধী আমেরিকা ও দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে বলছি, তোমরা আলোচনার নামে আমাদের অপমানিত ও পদানত করতে চাও, অথবা আমাদের নেতা ও জনগণকে রক্তাক্ত করতে চাও। কিন্তু এই উম্মাহ ও আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীর জবাব একটাই—‘কখনোই অপমান নয়।’
মধ্যপ্রাচ্যের ভাড়াটে দেশগুলোকে জাহান্নামের জন্য প্রস্তুত থাকতে হবে
আয়াতুল্লাহ সাঈদি বলেন, মধ্যপ্রাচ্যের ভাড়াটে দেশগুলোকে জেনে রাখা উচিত, কারবালায় কুফার বিশ্বাসঘাতকরা দুনিয়ার স্বার্থে ইমাম হোসাইন (আ.)-এর বিরুদ্ধে অস্ত্র ধরেছিল এবং তাঁর পবিত্র রক্ত ঝরিয়েছিল। কিন্তু আজকের দূরদর্শী, বেলায়াতের প্রতি অনুগত ও অঙ্গীকারে অবিচল জনগণ মাসের পর মাস ধরে রাজপথ ও বিভিন্ন ময়দানে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী তোমাদের এমন আঘাত হানবে, যার পরিণতি হবে সরাসরি জাহান্নাম।
আমাদের জবাব পুরো অঞ্চল থেকে আগ্রাসীদের উপস্থিতির অবসান ঘটাবে
তিনি বলেন, ইরানের জনগণ স্বৈরাচারী শক্তিগুলোর নেতা এবং পেন্টাগন ও তেল আবিবের যুদ্ধকক্ষগুলোকে সতর্ক করে দিচ্ছে—আগুন নিয়ে খেলো না। এই উম্মাহর নেতা কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি একজন ধর্মীয় কর্তৃত্বসম্পন্ন নেতা এবং বিশ্বের শত শত স্বাধীনতাকামী মানুষের হৃদয়ের নেতা।
তিনি আরও বলেন, এই বেলায়াতের নেতৃত্বের প্রতি অবমাননার উদ্দেশ্যে কোনো অপবিত্র হাত প্রসারিত হলে বেলায়াতের প্রতি অনুগত জনগণ ও সশস্ত্র বাহিনীর মাধ্যমে আল্লাহর শক্তির প্রকাশ ঘটবে। এর জবাব কূটনৈতিক সীমারেখা কিংবা ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমাদের জবাব পুরো অঞ্চল থেকে তোমাদের আগ্রাসী উপস্থিতির অবসান ঘটাবে।
এ সময় তিনি জাতীয় গ্রন্থ ও গ্রন্থাগারিক দিবস উপলক্ষে বলেন, একটি ভালো বই মানুষের উৎকর্ষ সাধনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম।
তাকওয়ার স্বাদ পেতে হলে গুনাহ পরিহার করতে হবে
জুমার প্রথম খুতবায় তাকওয়া অবলম্বনের ওপর গুরুত্বারোপ করে আয়াতুল্লাহ সাঈদি বলেন, গুনাহের কাজ তাকওয়া অর্জনের অন্যতম প্রধান অন্তরায়। তাকওয়ার প্রকৃত স্বাদ অনুভব করতে হলে অবশ্যই গুনাহ পরিহার করতে হবে।
সুরা ফাতহের ২৯ নম্বর আয়াতের নিম্নোক্ত অংশের ব্যাখ্যায় তিনি বলেন,
يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا.
‘তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অন্বেষণ করে।’
তিনি বলেন, এ আয়াতে রাসুলুল্লাহ (সা.)-এর প্রকৃত অনুসারীদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। তাঁরা সর্বদা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের চেষ্টা করেন। এর মাধ্যমে স্বার্থকেন্দ্রিক ও প্রকৃত ঐশী আদর্শে পরিচালিত ধারার মধ্যে পার্থক্য স্পষ্ট হয়েছে।
তিনি বলেন, এ আয়াতে রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবিদের রুকু ও সিজদার বৈশিষ্ট্য বর্ণনার পর মুসলিম উম্মাহর চূড়ান্ত লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ, রাসুলুল্লাহ (সা.)-এর অনুসারীরা কেবল সৎকর্ম সম্পাদনকারী ইবাদতকারী নন; বরং তাঁদের মৌলিক লক্ষ্য হলো আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জন।
আয়াতুল্লাহ সাঈদি আরও বলেন, সুরা ফাতহের ২৯ নম্বর আয়াত শুধু রাসুলুল্লাহ (সা.)-এর অনুসারীদের বাহ্যিক আচরণই তুলে ধরে না; বরং তাঁদের নিয়ত ও চূড়ান্ত গন্তব্যও স্পষ্ট করে। এ আয়াত প্রকৃত মুমিনদের পরিচয়পত্রের মতো। এখানে ‘يَبْتَغُونَ’ (ইয়াবতাগুনা) শব্দটি আন্তরিক, ধারাবাহিক ও লক্ষ্যনিষ্ঠ অনুসন্ধানকে বোঝায়। অর্থাৎ, মুমিনরা লক্ষ্যহীন কিংবা দিশাহীন নন; তাঁদের কাঙ্ক্ষিত লক্ষ্য হলো আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি।
তিনি বলেন, মুসলিম সমাজের কিছু মানুষের ধর্মীয় কর্মকাণ্ডের আড়ালে ক্ষমতা অর্জনের মতো গোপন উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু রাসুলুল্লাহ (সা.)-এর প্রকৃত অনুসারীরা শক্তিশালী হন, নিজেদের নীতিগত সীমারেখা বজায় রাখেন এবং উন্নতির পথে এগিয়ে যান। তবে তাঁদের এসব কর্মকাণ্ডের সবকিছুই আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়।
মুমিন সমাজ ক্ষমতার জন্য ক্ষমতা চায় না
কোমের জুমার নামাজের খতিব বলেন, মুমিন সমাজ কেবল ক্ষমতা অর্জনের জন্য ক্ষমতা চায় না, শত্রুর ওপর বিজয়কে আত্মপ্রদর্শনের মাধ্যম হিসেবে গ্রহণ করে না এবং দুনিয়াকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের ক্ষেত্র মনে করে না। বরং তারা দুনিয়াকে আল্লাহর ইবাদত ও আনুগত্যের ক্ষেত্র হিসেবে বিবেচনা করে।
এ প্রসঙ্গে তিনি ইমাম আলী (আ.)-এর একটি ঘটনা তুলে ধরে বলেন, একবার ইমাম আলী (আ.) নিজের পুরোনো জুতা সেলাই করছিলেন। এ সময় তিনি তাঁর চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করেন, এই জুতার মূল্য কত? ইবনে আব্বাস বলেন, এর কোনো মূল্য নেই। তখন ইমাম আলী (আ.) বলেন,
وَاللَّهِ لَهِيَ أَحَبُّ إِلَيَّ مِنْ إِمْرَتِكُمْ إِلَّا أَنْ أُقِيمَ حَقًّا أَوْ أَدْفَعَ بَاطِلًا.
‘আল্লাহর শপথ! এই জুতাটি তোমাদের ওপর শাসনক্ষমতা লাভের চেয়েও আমার কাছে বেশি প্রিয়, যদি না এর মাধ্যমে কোনো অধিকার প্রতিষ্ঠা করতে পারি কিংবা কোনো অন্যায় প্রতিহত করতে পারি।’
আয়াতুল্লাহ সাঈদি বলেন, এ ঘটনা দায়িত্বশীল ব্যক্তিদের জন্য অত্যন্ত শিক্ষণীয়।
শেষে তিনি বলেন, সুরা ফাতহের ২৯ নম্বর আয়াত রাসুলুল্লাহ (সা.)-এর অনুসারীদের জন্য পথনির্দেশক। এ আয়াত থেকে বোঝা যায়, পবিত্র কোরআনে প্রশংসিত আদর্শ সমাজের প্রতিটি কর্মকাণ্ডের লক্ষ্য হলো আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জন। হজরত ফাতিমা যাহরা (সা. আ.) এবং আহলে বাইত (আ.)-ও তাঁদের জীবনে এ লক্ষ্যকেই প্রাধান্য দিয়েছেন।
আপনার কমেন্ট